কিশোরগঞ্জে ‘সন্দীপন বইমেলা’ শুরু : উৎসবমুখর উদ্বোধনী সন্ধ্যা

 

কিশোরগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সন্দীপন বইমেলা ২০২৬’। সৃজনশীল সংগঠন ‘সন্দীপন সাহিত্য আড্ডা’র দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়।

‘মুক্ত প্রাণের স্পন্দনে, মিলবো মনোবন্ধনে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলার প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা ও বরেণ্য অতিথিদের উপস্থিতি।

আজ বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বহুমাত্রিক লেখক ও বিশ্ব ভ্রামণিক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সাদরুল উলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আমিনুল ইসলাম সেলিম।

মেলার দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল ১৭ এপ্রিল (শুক্রবার) মেলা প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে— ‘মননশীলতা বিকাশে বইয়ের ভূমিকা’। কবি ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আলী আকবরের সভাপতিত্বে এদিন আলোচনায় অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অর্চনা সাহাসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ। শুভেচ্ছা জ্ঞাপন করবেন সংগঠনের সহ-সভাপতি রতন রহমান।

মেলার শেষ দিন ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন। এদিন আলোচনার বিষয়— ‘বইমেলা ও সাহিত্যের পারস্পরিক সম্পর্ক’। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন। কবি ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মেরাজ রাহীমের সভাপতিত্বে সমাপনী দিনে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক মু আ লতিফ, অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, বিশিষ্ট কবি ও গীতিকার সাইফ সিরাজসহ আরও অনেকে। মেলার প্রথম দিনেই কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় বিভিন্ন প্রকাশনী ও স্থানীয় বইয়ের স্টল স্থান পেয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

সন্দীপন সাহিত্য আড্ডার দশ বছর পূর্তির এই আয়োজন কিশোরগঞ্জের সাহিত্য সংস্কৃতিতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ