লুৎফর হাসানের খেরোখাতা ‘চলমান টক শো’

 

লুৎফর হাসান


লোকাল বাসে উঠলেন তো সারাদিনের সারাদেশের একটা ছোটখাটো ধারণা হয়ে যাবে। চলমান টক শো। আজকের আলোচনার প্রধান বিষয় ব্যাটারিচালিত রিকশা।
: ব্যাটারির হালাগোরে ইচ্ছামতো বানানি দেওয়া দরকার।
: ব্যাটারি যারা চালায়, তাদের ফ্যামিলি নাই? আইছে একেক ফুটানিমারা লোকজন।
: মুখের ভাষা ঠিক করেন৷ ওরা আজ যা করলো, এগুলা মানুষের কাজ? অসভ্য লোকজন।
: জ্ঞান দিয়েন না৷ পেটে লাথি লাগলে মানুষ আর মানুষ থাকে না।
: ওরা কি মানুষ?
: ব্যাটারি আসার পর বেকার সমস্যা দূর হইছে। নেশা করা বাদ দিয়া অনেক ছেলেপেলে অটো চালাইতাছে। খালি খারাপ দিক দেইখেন না। বাঙালির এই এক সমস্যা।
: ওরে আমার বিদেশি রে।

(কিছুটা সময় চুপ)

দাঁড়িয়ে থাকা দুই তরুণ এবার শুরু করলো।
: মামা, পারভেজরে যে মারলো, তিনডারে ধরছে শুনলাম।
: আসল দুই ছাপড়িরে ধরে না। যে ছাপড়ি দুই মাইয়া উস্কানি দিয়া এই কাম করাইছে। হুনলাম ছাপড়ি দুইটা আইজকাই বিদেশ উড়াল দিতাছে।
: প্রশাসন আসলে কামের না। হুদাই খালি আওয়াজ।
: কী আর করা!

কন্ডাকটর ভাড়া নিতে এসে আরেক যুদ্ধ শুরু।
: কয় ট্যাকা দিলেন? ফার্মগেট পোন্ত গেলে বিশ ট্যায়া। কাওরানবাজার পার অইলেই তিরিশ ট্যায়া।
: আরে ব্যাটা আমি সোনারগাঁওয়ের সামনে নামব।
: আপনে আরেকটু আগে নাইমা পার অইয়া যান৷ গাড়িত বইয়া থাকলে আর দশ ট্যায়া দিবেন।
: শালা তো আচ্ছা ছোটলোক।
: ওই মিয়া গালি দিবেন না। মুখ ঠিক করেন।
: তোর কাছে আমার শিখতে হবে?
: আইছে আমার ব্যারেস্টার।
: তোরে এখন নামাবো।
: আরে রাহেন মিয়া। ফাপর দিয়েন না। আর দশ ট্যায়া দেন।
: দেব না আমি।
: ওস্তাদ একটানে শাহবাগ লন।
(লোকটা আমতা আমতা করে দশ টাকা বের করে না দিয়ে বরং নেমে যায় মেট্রোস্টেশনের আগেই)

লোকটা নেমে যেতেই আবার দুইজন শুরু করে।
: দশ টাকার জন্য হাউকাউ করল। কানের নিচে দিলে ঠিক হইতো।
: উনি নামার পরে বীরপুরুষ সাজেন ক্যান?
: কথা বইলেন না তো। এত কথা ভাল্লাগে না।
: কথা তো আপনিই শুরু করলেন।

ভ্রাম্যমাণ টক শো মাঝখানে থাকতেই নেমে যাই। এর শেষ কোথায়, জানা হয় না। তারপর বাসায় আসতে আসতে সব ভুলে যাই। আগামীকাল নতুন এপিসোড দেখার প্রস্তুতি নিতে হচ্ছে।

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ